নাটোরে যাত্রী সেজে হাতুড়ি দিয়ে আঘাত করে অটো রিক্সা ছিনতাই, গ্রেফতার এক!
- আপডেট সময় : ০২:০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ৪৪৭ বার পড়া হয়েছে

নাটোরে যাত্রী সেজে হাতুড়ি দিয়ে আঘাত করে অটো রিক্সা ছিনতাই, গ্রেফতার এক!
বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
নাটোরে যাত্রী বেশে হাতুড়ি দিয়ে রিক্সা চালকের মাথায় আঘাত করে রিক্সা ছিনতাইয়ের পৃথক দুটি ঘটনায় সবুজ হোসেন নামে ২৩ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে নাটোর শহরের বড় হরিশপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবুজ হোসেন একই এলাকার রমজান আলীর ছেলে। বৃহস্পতিবার ১৮ এপ্রিল বিকেলে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষটি নিশ্চিত করেন নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।
প্রেস ব্রিফিংয়ে ওসি মিজানুর রহমান মামলার বরাত দিয়ে জানান, চলতি মাসের ১২ তারিখে নাটোর শহরতলীর বেজপাড়া এলাকার বাসিন্দা রাব্বেল নামে এক অটোরিক্সা চালক বিকালে ভাড়া খাটার জন্য নাটোর শহরের উদ্দেশ্যে বের হন। পরে সবুজ ও সদরের দুর্গাবাহারপুর গ্রামের মহরম আলীর ছেলে শরিফ হোসেন উভয়ে মিলে রাব্বেলের অটো রিক্সা ভাড়া করে সদর উপজেলার ধলাট এলাকার দিকে যাত্রা করে। তারা জয়নগর এলাকায় পৌছালে সবুজ হোসেন চালক রাব্বেলের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে ও শরিফ রাব্বেলের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রিক্সা ছিনতাই করে পালিয়ে যায়। এই ঘটনায় রাব্বেলের মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ। পরে বুধবার গভীর রাতে নাটোর শহরের বড় হরিশপুর এলাকার নিজ বাসা থেকে সবুজকে গ্রেফতার ও ছিনতাই হওয়া দুইটি অটো রিক্সা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
বৃহস্পতিবার গ্রেফতারকৃত সবুজকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি নাটোর সদরের জাঠিয়ান গ্রামে একজন বয়স্ক রিক্সাওয়ালাকে একইভাবে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে রিক্সা ছিনতাই করে সবুজ। সবুজের বিরুদ্ধে থানায় একাধিক মামলা চলমান রয়েছে বলেও জানান ওসি মিজানুর রহমান।




















