পুঠিয়ায় মসজিদ থেকে বিসিএস পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার!
- আপডেট সময় : ০৩:২৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ৩৯২ বার পড়া হয়েছে

পুঠিয়ায় মসজিদ থেকে বিসিএস পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার!
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
পুঠিয়ায় মসজিদ থেকে বিসিএস পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার! রাজশাহীর পুঠিয়ায় মসজিদ থেকে বুলবুল আহমেদ (২৬) নামে এক বিসিএস পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত বুলবুল আহমেদ উপজেলার বানেশ্বর ইউনিয়নের পূর্ব-নয়াপাড়া গ্রামের নির্মাণ শ্রমিক সাহেব আলীর এক মাত্র পুত্র সন্তান। শনিবার (২০ মে) সকালে পূর্ব নয়াপাড়া জামে মসজিদ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
মৃতের পিতা সাহেব আলী বলেন, তার একটি মেয়ে একটি ছেলে। অনেক কষ্টে মেয়ের বিয়ে দিয়েছেন। আর একমাত্র ভরসা ছিল ছেলে বুলবুল। সেও চলে গেলো। তিনি বলেন, তার ছেলের সাথে কারো কোনো শত্রুতা ছিলনা। গ্রামের সকলেই তাকে অনেক ভালোবাসত। কি কারণে এমন হলো কিছুই বলতে পারছেন না তিনি। প্রতিবেশী ওলিউল্লাহ বলেন, বুলবুল অনেক কষ্টের মাঝে বড় হয়েছে। জমিজমা তেমন না থাকায় তার বাবা রাজমিস্ত্রির কাজ করেন। খেয়ে না খেয়ে চলে তাদের সংসার। বুলবুল ছোট থেকেই অনেক মেধাবি ছিল। স্থানীয় মাধ্যমিক ও কলেজে উচ্চ মাধ্যমিক শেষ করে। এরপর রাজশাহী কলেজ থেকে অনার্স শেষে গত দুই বছর আগে মাস্টার্স শেষ করেছে। প্রায় দুই বছর থেকে সে বিসিএস’র প্রস্তুতি নিয়ে গতকাল শুক্রবার রাজশাহী থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করে।
স্থানীয়রা বলেন, বুলবুলের মৃত্যুতে পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার বাদ আসর তার জানাযা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন। প্রাথমিক তদন্তে ওই যুবক আত্মহত্যা করার আলামত পাওয়ায় গেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই দাফন করার অনুমতি দেয়া হয়েছে।























