মান্দায় মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড
- আপডেট সময় : ০৬:৩৮:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

মান্দায় মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড
আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় মাদক সেবনের অপরাধে আরিফ (৩৬) নামে এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের বড়বেলালদাহ গ্রামে অভিযান চালিয়ে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরৌজ বৈশাখ। দণ্ডপ্রাপ্ত আরিফ বড়বেলালদাহ গ্রামের মৃত আলেফ উদ্দিনের ছেলে।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়বেলালদাহ গ্রামে অভিযান পরিচালনা করে মাদকসহ আরিফকে আটক করা হয়। পরে তিনি অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরৌজ বৈশাখ বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















