লালপুরে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক ব্যক্তির, খামার মালিকের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০৫:৪৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে

লালপুরে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক ব্যক্তির, খামার মালিকের বিরুদ্ধে মামলা
নাটোরের লালপুরে মুরগির খামারের চারপাশে দেওয়া অবৈধ বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে সিহাব আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত সিহাব আলী উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত ছফের প্রামাণিকের ছেলে।
পুলিশ জানায়, সোমবার ২৭ জুলাই রাত ১০টা থেকে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৬টার মধ্যে কোনো এক সময় উপজেলার ভাটপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় নিহতের ছেলে খামার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, লালপুর উপজেলার ভাটপাড়া গ্রামের বাসিন্দা মো. আসলাম হোসেন তার মুরগির খামারে শিয়াল, বেজি ও চোরের উপদ্রব ঠেকাতে খামারের চারপাশে জিআই তারের বেড়া দিয়ে তাতে অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগ দিয়েছিলেন। সোমবার রাত আনুমানিক ১০টার দিকে সিহাব আলী বাড়ি থেকে বের হন। পরদিন মঙ্গলবার সকাল ৬টার দিকে খামারের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করতে গিয়ে আসলাম হোসেনের ছেলে রায়হান আলী খামারের উত্তর পাশে বৈদ্যুতিক সংযোগযুক্ত জিআই তারে জড়ানো অবস্থায় সিহাব আলীর মরদেহ দেখতে পান।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে লালপুর থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করে এবং লাশের প্রাথমিক সুরৎহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে যায়।
এ ঘটনায় নিহতের ছেলে মো. সোহান আলী বাদী হয়ে লালপুর থানায় অভিযোগ দায়ের করলে লালপুর থানার মামলা নং-৩৩, তারিখ ২৮ জুলাই ২০২৬, দণ্ডবিধির ৩০৪ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।




















