লালপুরে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির মৃত্যু, অপমৃত্যু মামলা রুজু
- আপডেট সময় : ০৬:২৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

লালপুরে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির মৃত্যু, অপমৃত্যু মামলা রুজু
পারিবারিক কলহের পর নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় মিলল ফরিদ উদ্দিনের মরদেহ; ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে ফরিদ উদ্দিন (৪১) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
মৃত ফরিদ উদ্দিন উপজেলার কদিমচিলান ইউনিয়নের সেকচিলান গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মণ্ডলের ছেলে।
থানা সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে ফরিদ উদ্দিন নিজ বাড়িতে স্ত্রী মোছা. মুঞ্জুরার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটিতে জড়ান। পরে রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। পরে রাত আনুমানিক দেড়টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠে ফরিদ উদ্দিনের স্ত্রী দেখতে পান, শয়নকক্ষের তীরের সঙ্গে বৈদ্যুতিক তার পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছেন তার স্বামী।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৪৫/২৬। তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য তথ্য-উপাত্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।



















