বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক
- আপডেট সময় : ০৭:০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক
নাটোরের বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের সাবেক নেতা কায়সার ওয়াদুদ বাবর ওরফে বাবর মাস্টারকে (৪৯) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক কায়সার ওয়াদুদ বাবর ওই গ্রামের আকছেদ আলীর ছেলে। তিনি বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক। পাশাপাশি তিনি বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, কায়সার ওয়াদুদ বাবরকে বাগাতিপাড়া থানায় ১৫ নভেম্বর ২০২৬ তারিখে দায়ের করা ৫ নম্বর মামলায় আটক করা হয়েছে।
ওসি জানান, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশোধিত বিধানের ৬(২)(আ), ৮, ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাগাতিপাড়া থানা এলাকায় কেউ নাশকতার পরিকল্পনা করে পার পাবে না উল্লেখ করে ওসি বলেন, অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।






















