পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর
- আপডেট সময় : ০৯:৫২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর
দুই শ্রমিক সংগঠনের বিরোধের জেরে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর। পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদসহ বিএনপি নেতাদের মধ্যস্থতায় শ্রমিকদের বিরোধের অবসান হয়েছে। এরপর বন্দরে আমদানি করা এলসি পাথর লোডিং কার্যক্রম আবারও শুরু হয়েছে।
জানা গেছে, দুই শ্রমিক সংগঠনের মধ্যে বিরোধের কারণে গত পাঁচ দিন ধরে বাংলাবান্ধা স্থলবন্দরে এলসি পাথর লোডিং কার্যক্রম বন্ধ ছিল। এতে বিপাকে পড়েন আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা। বন্দরে আটকা পড়ে আমদানি করা বিপুল পরিমাণ পাথর।
এ পরিস্থিতিতে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা মধ্যস্থতা করেন। তাদের উদ্যোগ ও আশ্বাসে শ্রমিকদের মধ্যে বিরোধের অবসান ঘটে।
পরে শ্রমিকরা নিজ নিজ কাজে ফিরে যান এবং এলসি পাথর লোডিং কার্যক্রম শুরু হয়। বন্দরে ট্রাকে পাথর লোডিংয়ের প্রস্তুতি ও কার্যক্রম শুরু হওয়ায় আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
টানা পাঁচ দিন পর স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ী, শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা আশা করছেন, ভবিষ্যতে আর কোনো বিরোধের কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে না।
এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী এবং শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।






















