লালপুরে ওয়ার্কশপ ও লেদ মেশিনের শব্দদূষণে অতিষ্ঠ ব্যবসায়ীরা, ইউএনওর কাছে অভিযোগ
- আপডেট সময় : ০২:৩৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে

লালপুরে ওয়ার্কশপ ও লেদ মেশিনের শব্দদূষণে অতিষ্ঠ ব্যবসায়ীরা, ইউএনওর কাছে অভিযোগ
এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে আব্দুলপুর বাজারে একটি ওয়ার্কশপ ও লেদ মেশিনের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বাজারের কয়েকজন ব্যবসায়ী।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুলপুর বাজারের বিভিন্ন দোকান, বিশেষ করে একটি ওষুধের দোকানের সংলগ্ন স্থানে মো. ইমরান হোসেন (৩৬) একটি ওয়ার্কশপ ও লেদ মেশিন পরিচালনা করছেন। প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত মেশিন চালানোর ফলে সৃষ্ট তীব্র শব্দে আশপাশের ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, ওয়ার্কশপ স্থাপনের সময় আপত্তি জানালে মেশিন এমনভাবে পরিচালনার আশ্বাস দেওয়া হয়েছিল, যাতে পাশের দোকানগুলোর কোনো সমস্যা না হয়। কিন্তু সেই আশ্বাস বাস্তবায়ন হয়নি। বর্তমানে অতিরিক্ত শব্দের কারণে ব্যবসা পরিচালনায় বিঘ্ন ঘটছে। পাশাপাশি শব্দ ও পরিবেশদূষণের কারণে জনস্বাস্থ্যও ঝুঁকির মুখে পড়েছে বলে আবেদনকারীরা দাবি করেছেন।
আবেদনকারী ব্যবসায়ীরা জানান, বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো কার্যকর ফল পাওয়া যায়নি। পরে বাধ্য হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়।
এ বিষয়ে আব্দুলপুর বাজার কমিটির সভাপতি মাসুদ রানা বলেন, “ইমরানকে বাজার কমিটির পক্ষ থেকে কয়েকবার ওয়ার্কশপের কাজ দোকানঘরের পেছনের দিকে করার জন্য বলা হয়েছে। কিন্তু তিনি আমাদের কথা শোনেননি। তাই বিষয়টি আইনের মাধ্যমে সমাধানের জন্য অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”
অভিযুক্ত মো. ইমরান হোসেনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ বলেন, “অভিযোগটি দ্রুত তদন্ত করে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”



















