লালপুরে আদিবাসী সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ
- আপডেট সময় : ০৯:২৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৯২ বার পড়া হয়েছে

লালপুরে আদিবাসী সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ
লিজের মেয়াদ শেষে জোরপূর্বক দখল, গাছ কাটা ও ঘর ভাঙচুর—প্রভাবশালীর বিরুদ্ধে থানায় অভিযোগ
নাটোরের লালপুরে আদিবাসী খ্রিস্টান সংখ্যালঘু পরিবারের জমি লিজ নেওয়ার পর সময়সীমা শেষ হলেও তা ফেরত না দিয়ে জোরপূর্বক দখলের চেষ্টা, গাছ কাটা ও বসতঘরের অংশ ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের রামকান্তপুর গ্রামের বাসিন্দা নিপেন বিশ্বাস (৪৮) পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। তিনি দাবি করেন, বিবাদীরা তার কাছ থেকে জমিটি লিজ নিলেও নির্ধারিত সময় শেষ হওয়ার পর তা ফেরত না দিয়ে উল্টো নিজেদের মালিকানা দাবি করে দখলে রাখেন।
ভুক্তভোগী নিপেন বিশ্বাস জানান, জমি ফেরত চাইলে বিবাদীরা বিভিন্নভাবে টালবাহানা করে। স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। সর্বশেষ গত ১৯ এপ্রিল বিকেলে অভিযুক্তরা তার বাড়িতে গিয়ে বসতবাড়ির সামনে থাকা গাছ কেটে ফেলে এবং রান্নাঘর ভাঙচুর করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে। বাধা দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন—মো. সলেমান হোসেন (৫০), মো. ফজলুর রহমান (৪৫), মো. কোমর উদ্দিন (৪০) ও মো. আমির উদ্দিন (৩৫)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
এ ঘটনায় বিচার চেয়ে গত ২০ এপ্রিল লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নিপেন বিশ্বাস। তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগে এলাকায় নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। লালপুর থানার পক্ষ থেকেও অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।



















