অবৈধভাবে সার মজুদ রাখায় সিংড়ায় ইউপি সদস্যর জরিমানা!
- আপডেট সময় : ০৩:১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২ ৩১৪ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় লাইসেন্স বিহীন অবৈধভাবে ৩৬৮ বস্তা সার মজুদ রাখার অপরাধে মকলেছুর রহমান নামে এক ইউপি সদস্যের ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (২২ আগষ্ট) দুপুরে উপজেলার শালমারা গ্রামে অভিযান চালিয়ে এই জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল ইমরান এর ভ্রাম্যমাণ আদালত। মকলেছুর রহমান ওই গ্রামের মৃত খোরশেদ আকন্দের ছেলে ও ইটালি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এছাড়াও মকলেছুর ইউপি সদসস্যের পাশাপাশি ইটালি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতো।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সিংড়ার ইটালি ইউপির ৫নং ওয়ার্ড সদস্য ও স্থানিয় আ’লীগ নেতা মকলেছুরের বাড়িত অভিযান চালায় উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর। এসময় অবৈধভাবে মজুদ রাখা ৩৬৮ বস্তা সার তার বাড়ি থেকে উদ্ধার করা হয়। লাইসেন্স না থাকায় ও অবৈধভাবে মজুদ রাখার অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে আগামী ২ দিনের মধ্যে কৃষি কর্মকর্তার তদারকিতে ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে সার বিক্রির নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান প্রমুখ। সিংড়ার ইউএনও এম.এম সামিরুল ইসলাম বলেন, মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশে অবৈধভাবে সার মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন অভিযান পরিচালনা করছে।






















