রামেক হাসপাতালে ঔষধ চুরির ভিডিও ভাইরাল; সমালোচনার ঝড়!
- আপডেট সময় : ০১:২৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২ ২৭৫ বার পড়া হয়েছে

রামেক হাসপাতালে ঔষধ চুরির ভিডিও ভাইরাল; সমালোচনার ঝড়!
এম এম মামুন, নিউজ ডেস্ক:
রামেক হাসপাতালে ঔষধ চুরির ভিডিও ভাইরাল; সমালোচনার ঝড়! রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের এক কর্মচারীর ঔষধ চুরি করছে এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। বিষয়টি সঠিকভাবে তদন্ত করে তার বিচারের দাবি জানিয়েছেন সচেতন মহল।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, গায়ে নীল রঙ্গের টি-শার্ট ও পরনে কালো ফুলপ্যান্ট পরিহিত রামেক হাসপাতালের একজন কর্মচারী ওয়ার্ডে ঔষধের ট্রলিতে থাকা একটি সাদা রঙ্গের কোটা আলমারিতে রাখলেন এবং সেটি রাখার পর পুনরায় ঔষধের ট্রলিতে ফিরে এসে বেশ তাড়াহুড়ো করে দুই হাত দিয়ে তিন বারে বেশকিছু ইনজেকশন ঔষধ তার প্যান্টের বাম পকেটে ঢুকাচ্ছে। আর অপর প্রান্ত থেকে ভিডিওটি ধারণ করা হয়েছে। তবে ওই ব্যক্তিটি রামেক হাসপাতালের কোন পদে কর্মরত আছেন তা এখনো জানা যায়নি।
এই চুরির ভিডিওটি রাসিকের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন তার নিজ ফেসবুক আইডি থেকে মঙ্গলবার রাতে আপলোড করে লিখেছেন ‘রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩ নং ওয়ার্ড মেডিসিন ব্লকে স্টাফের ঔষধ চুরি। রুগীর ঔষধ কিনতে হয়, আর সরকারি ঔষধ চুরি হয়।’
জানা গেছে, মঙ্গলবার (৯ আগস্ট) রামেক হাসাপাতালের ১৩ নং ওয়ার্ডে ঔষধ চুরি করা ওই কর্মচারী সকালের শিফটে ডিউটি করেছেন।
এই ঘটনার বিষয়ে (১০ আগস্ট) বুধবার সকাল ১০ টার পর রামেক হাসাপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তাই বক্তব্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রামেক হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডা. মোঃ আবু তালেবের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, এমন বিষয়টি আমার জানা নেই। এখনি আপনার মাধ্যমে জানতে পারলাম। কেউ অভিযোগও করেনি। তাই ওই ওয়ার্ডে কর্মরত কর্মচারীর নাম পদবি বলতে পারছি না। তবে আমি খোঁঁজ খবর নিয়ে পরে সবকিছু জানাতে পারব বলে তিনি জানান।




















