বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন
- আপডেট সময় : ০৭:০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১৩০ বার পড়া হয়েছে

বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন
বাউয়েট, প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এ আইইইই বাউয়েট স্টুডেন্ট ব্রাঞ্চের আয়োজনে ‘আইইইই দিবস ২০২৬’ পালিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বাউয়েটের প্যানোরমা ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশল শিক্ষায় গবেষণা, উদ্ভাবন, পেশাগত দক্ষতা, নৈতিকতা এবং ধারাবাহিকভাবে শেখার গুরুত্ব তুলে ধরা হয়। পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের আইইইই-এর বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের একটি পর্বে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির বাংলাদেশ-ইন্ডিয়া পাওয়ার ট্রান্সমিশন সেন্টারের নির্বাহী প্রকৌশলী মো. শাখাওয়াত হোসাইন কারিগরি সেমিনারে অংশ নেন। ‘উচ্চ ভোল্টেজ সরাসরি বিদ্যুৎ প্রবাহ আন্তঃসংযোগের মাধ্যমে বাংলাদেশে আন্তঃসীমান্ত বিদ্যুৎ আমদানি: প্রযুক্তি, পরিচালনা ও জাতীয় গ্রিডে সংযুক্তি’ শীর্ষক সেমিনারে আধুনিক বিদ্যুৎ সঞ্চালন প্রযুক্তি, আন্তঃদেশীয় বিদ্যুৎ আমদানি এবং জাতীয় গ্রিডে এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।
অন্য একটি সেশনে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সাবেক সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর প্রকৌশলী শেখ শাদী ‘ডিগ্রির গণ্ডি পেরিয়ে: প্রকৌশল শিক্ষা ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন’ বিষয়ে বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক দক্ষতা ও পেশাগত সক্ষমতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় যোগাযোগ দক্ষতা, দলগতভাবে কাজ করার সক্ষমতা, নেতৃত্ব, সমস্যা সমাধান, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া এবং নিয়মিত নতুন বিষয় শেখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
সমাপনী পর্বে প্রধান অতিথি আমন্ত্রিত বক্তাদের অভিজ্ঞতা ও জ্ঞান শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে সফলভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য আইইইই বাউয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ, শিক্ষক উপদেষ্টা, শিক্ষার্থী স্বেচ্ছাসেবক, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
পরে আমন্ত্রিত বক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইইই বিভাগের শিক্ষার্থী ফারহান ও তুলি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত ট্রেজারার কর্নেল হ্লা হেন মং পিবিজিএমএস (অব.) এবং রেজিস্ট্রার কর্নেল দেওয়ান লিয়াকত আলী (অব.)। এছাড়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ইইই বিভাগের প্রফেসর ড. মো. ওসমান গণি, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।























