পুঠিয়ায় বজ্রপাতের ঝুঁকি কমাতে ২০০ তালগাছের চারা রোপণ
- আপডেট সময় : ০৮:২৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

পুঠিয়ায় বজ্রপাতের ঝুঁকি কমাতে ২০০ তালগাছের চারা রোপণ
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহীর পুঠিয়ায় ২০০টি তালগাছের চারা রোপণ এবং কৃষকদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ধোপাপাড়া এলাকার বড়বিলের রাস্তার দুই পাশে এ কর্মসূচি পালন করা হয়। স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে বড়বিল এলাকায় ২০০টি তালগাছের চারা রোপণ করা হয়। পরে স্থানীয় কৃষকদের নিয়ে খোলা মাঠে বজ্রপাতের ঝুঁকি ও করণীয় বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বাড়ছে। বিশেষ করে খোলা মাঠে কৃষিকাজের সময় বজ্রপাতের ঝুঁকি থাকায় কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়, এর আগে নওগাঁ সদর ও পাবনার চাটমোহর উপজেলায় ৫০০টি তালগাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির সূচনা করা হয়। ২০২৪ সাল থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটির উদ্যোগে প্রায় ১৩ হাজার তালগাছের চারা রোপণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুঠিয়ার ধোপাপাড়া বড়বিলে আরও ২০০টি চারা রোপণ করা হলো।
সচেতনতামূলক সভায় বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান না করা, দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়া এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সতর্ক থাকার বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুঠিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ইসরাফিল হক। আরও উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইমরান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাসিবুল রহমান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ক্রপ কেয়ার ডিভিশনের জোনাল সেলস ম্যানেজার মো. মুরাদ হোসেন, ফিল্ড ম্যানেজার শেরেকুল ইসলাম, সিনিয়র সেলস ডেভেলপমেন্ট অফিসার নাহিদ আক্তারসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা।
এ ছাড়া ধোপাপাড়া ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আরজ আলী, বিএনপি নেতা আয়েন উদ্দিন এবং যুবদল নেতা হায়দার আলী ও পিন্টু ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, তালগাছের সারি একদিকে যেমন গ্রামীণ পরিবেশের সৌন্দর্য বাড়াবে, অন্যদিকে বজ্রপাতপ্রবণ এলাকায় পরিবেশ সুরক্ষা ও সচেতনতার বার্তাও ছড়িয়ে দেবে।



















