বাংলাদেশকে গোলামির শৃঙ্খলে আবদ্ধ রাখতে চায় প্রতিবেশী রাষ্ট্র- চাকসু ভিপি রনি
- আপডেট সময় : ০৫:২১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৩০ বার পড়া হয়েছে

বাংলাদেশকে গোলামির শৃঙ্খলে আবদ্ধ রাখতে চায় প্রতিবেশী রাষ্ট্র- চাকসু ভিপি রনি
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেছেন, প্রতিবেশী একটি রাষ্ট্র বাংলাদেশকে বন্ধুত্বের কথা বলে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। তারা চায় বাংলাদেশের মেধাবী মানুষ, সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের কাছে মাথা নত করে থাকুক।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রনি বলেন, প্রতিবেশী একটি রাষ্ট্র আমাদের বন্ধু দাবি করে। তারা কেবল পহেলা বৈশাখের আগে যখন ইলিশ মাছ খাওয়া যায়, তখন আমাদের বন্ধু হয়। তার দাবি, ওই রাষ্ট্র বাংলাদেশকে ‘গোলামির শৃঙ্খলে আবদ্ধ’ রাখতে চায়।
ফারাক্কা বাঁধের প্রসঙ্গ তুলে চাকসু ভিপি বলেন, দেশে বন্যা বা অতিবৃষ্টি না থাকলেও কখনো কখনো বাঁধের পানি ছেড়ে দিয়ে বিস্তীর্ণ জনপদ প্লাবিত করা হয়। আবার সেচের জন্য পানির প্রয়োজনের সময় উজানে বাঁধ দিয়ে পানি আটকে রাখা হয় বলেও অভিযোগ করেন তিনি।
বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির প্রশংসা করে রনি বলেন, এ দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহাবস্থানের মধ্য দিয়ে বসবাস করে আসছে। এই সম্প্রীতির বন্ধনই বাঙালি জাতিকে শক্তিশালী করেছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, দেশের মানুষের ঐক্য ও শক্তির কাছে শুধু প্রতিবেশী কোনো রাষ্ট্র নয়, বিশ্বের পরাশক্তিরাও পরাজিত হতে বাধ্য।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে চাকসু ভিপি বলেন, ইসলাম কঠোরতার পরিবর্তে মধ্যপন্থা অবলম্বনের শিক্ষা দেয়। পোশাকের শালীনতা বজায় রেখে নারীরা দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ভবিষ্যতেও নারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে রনি তাঁদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখার আহ্বান জানান। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
বাগাতিপাড়া থানা শাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ শাহিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, নাটোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান, বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা এ কে এম আফজাল হোসেন এবং নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু সাঈদ রনি প্রমুখ।























