নেসকোর ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি, গ্রাহক হয়রানি বন্ধের আহ্বান
- আপডেট সময় : ০৪:২৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ১৩০ বার পড়া হয়েছে

নেসকোর ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি, গ্রাহক হয়রানি বন্ধের আহ্বান
নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর অস্বাভাবিক বা ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল প্রত্যাহার, সঠিক বিল প্রণয়ন এবং গ্রাহক হয়রানি বন্ধের দাবিতে ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।
রোববার (২৬ জুলাই) সকালে নেসকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মশিউর রহমানের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় অতিরিক্ত বিদ্যুৎ বিল পুনঃযাচাই করে ভুল বিল বাতিল ও সংশোধনসহ সাত দফা দাবি জানানো হয়। পাশাপাশি নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের সম্ভাব্য উদ্যোগেরও তীব্র প্রতিবাদ জানানো হয়।
এর আগে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর নেতাকর্মীরা রাজশাহী কলেজ শহীদ মিনারে সমবেত হয়ে সেখান থেকে মিছিলসহ নেসকো কার্যালয়ে যান এবং স্মারকলিপি জমা দেন। এ সময় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান, বাপার সভাপতি প্রকৌশলী মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক সেলিনা বেগম, সাবেক ছাত্রনেতা রায়হান সম্রাট, প্রকৌশলী খাজা তারেক, জাহিদ হাসান, রাবেয়া খাতুন, শাহনাজ পারভীন সাগরি, রাশেদা বেগম, মো. আল আমিন, সাংবাদিক আফরোজা খান হেলেন এবং পবা উপজেলা বাপার সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, গত কয়েক মাস ধরে বিপুল সংখ্যক গ্রাহক বাস্তব ব্যবহারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ অস্বাভাবিক বিদ্যুৎ বিল পাচ্ছেন। একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেও অনেক ক্ষেত্রে আগের তুলনায় দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বিল আসছে, যা সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে।
এতে আরও অভিযোগ করা হয়, বিলের অসঙ্গতি নিয়ে নেসকোর কার্যালয়ে অভিযোগ জানাতে গিয়ে গ্রাহকদের দিনের পর দিন হয়রানির শিকার হতে হচ্ছে। অনেক ক্ষেত্রে মিটার রিডিং যথাযথভাবে নেওয়া হচ্ছে না এবং প্রকৃত ব্যবহার যাচাই ছাড়াই বিল প্রস্তুত করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিদ্যুৎ একটি মৌলিক নাগরিক সেবা। তাই গ্রাহকদের সঙ্গে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায্য আচরণ নিশ্চিত করা নেসকোর আইনগত ও নৈতিক দায়িত্ব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ নিজেদের প্রতারিত ও অসহায় মনে করছেন, যা নেসকোর প্রতি জনআস্থাকে ক্ষুণ্ন করছে।
সাত দফা দাবির মধ্যে রয়েছে—অতিরিক্ত বিদ্যুৎ বিল পুনঃযাচাই করে ভুল বিল বাতিল ও সংশোধন, প্রকৃত মিটার রিডিংয়ের ভিত্তিতে বিল প্রণয়ন, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের বিল সমন্বয়, দ্রুত অভিযোগ নিষ্পত্তির জন্য বিশেষ সেল গঠন, মিটার রিডার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করা, আধুনিক ও নির্ভুল বিলিং ব্যবস্থা চালু এবং অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিতর্কিত বিলের কারণে কোনো গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করা।
স্মারকলিপি গ্রহণ শেষে নেসকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মশিউর রহমান দাবিগুলো বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এদিকে, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে গণস্বাক্ষর কর্মসূচি, মানববন্ধনসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও স্মারকলিপিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একই সঙ্গে নেসকোর কার্যালয় রাজশাহী থেকে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হলে তা প্রতিহত করতে কঠোর আন্দোলনের ঘোষণাও দেওয়া হয়।























