নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৪৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১৩৩ বার পড়া হয়েছে

নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে শহরের কানাইখালী এলাকায় ১১ দলীয় জোটের নাটোর জেলা শাখার উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের প্রভোস্ট ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক শাহ হোসাইন আহমেদ মেহেদী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ইব্রাহীম হোসেন রনি।
নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের যুগ্ম সম্পাদক আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন এনসিপির জেলা আহ্বায়ক ও নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল মান্নাফ, জুলাই আন্দোলনে নিহত মিকদাদ হোসেন খান আকিবের পিতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী, যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল হাকিম এবং খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান।
সেমিনারে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন দিক, এর প্রত্যাশা, প্রাপ্তি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন। তারা বলেন, বর্তমান সরকার যেন দ্রুত গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেয়। তাদের বক্তব্য অনুযায়ী, গণভোটের রায় বাস্তবায়িত না হলে তা জুলাই আন্দোলনে প্রাণ হারানোদের আত্মত্যাগের প্রতি অবিচার হবে এবং দেশের জনগণ তা মেনে নেবে না বলেও তারা মত প্রকাশ করেন।




















