নলডাঙ্গায় বাড়ির গেটে কাফনের কাপড় ও চিরকুট, লেখা ‘সময় থাকতে ভালো হয়ে যা’
- আপডেট সময় : ১০:৩৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১৪০ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় বাড়ির গেটে কাফনের কাপড় ও চিরকুট, লেখা ‘সময় থাকতে ভালো হয়ে যা’
নাটোরের নলডাঙ্গায় একটি বাড়ির গেটের সামনে কাফনের কাপড় ও একটি হাতে লেখা চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে হুমকিসূচক বার্তা থাকায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে।
বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার পিপরুল ইউনিয়নের বাঁশভাগ গ্রামে আব্দুল গফুরের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায়ের জন্য আব্দুল গফুর ভোরে মসজিদে যান। নামাজ শেষে বাড়িতে ফিরে এসে গেটের সামনে একটি পলিথিনে মোড়ানো সাদা রঙের প্যাকেট দেখতে পান। প্যাকেটটি খুলে তিনি ভেতরে কাফনের কাপড়ের মতো একটি সাদা কাপড় এবং একটি হাতে লেখা চিরকুট দেখতে পান। পরে তিনি স্থানীয়দের ডেকে বিষয়টি দেখান।
চিরকুটে লেখা ছিল, সময় থাকতে ভালো হয়ে যা। পরে আর সময় পাবি না। আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ নাই। অযথা খারাপ হওয়ার আগে ভালো হয়ে যা। আল্লাহ তোকে হেদায়েত দিন। পরের উপর নির্ভরশীলতা কমিয়ে দিয়ে আল্লাহ নির্ভর হ।
আব্দুল গফুর বলেন, সকালে এমন ঘটনা দেখে আমাদের পরিবারের সবাই ভয় পেয়ে গেছি। কারা, কী উদ্দেশ্যে এ কাজ করেছে, তা বুঝতে পারছি না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
ঘটনার বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, বিষয়টি পুলিশ জেনেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চিরকুটটি উদ্ধার করে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















