নাটোরে তিন দিনব্যাপী আম প্রদর্শনী ও ফল মেলা শুরু
- আপডেট সময় : ০৩:২৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ২৫৫ বার পড়া হয়েছে

নাটোরে তিন দিনব্যাপী আম প্রদর্শনী ও ফল মেলা শুরু
২৫ জাতের আমসহ দেশীয়-অপ্রচলিত নানা ফলের সমাহার, দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ
‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে তিন দিনব্যাপী আম প্রদর্শনী ও ফল মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টায় শহরের কানাইখালী মিনি স্টেডিয়ামে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ফল মানুষের খাদ্যাভ্যাসকে বৈচিত্র্যময় করে এবং প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবারের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করে। নিয়মিত ফল খাওয়ার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই সকল ঋতুতেই দেশীয় মৌসুমি ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, ফলের উৎপাদন বাড়াতে বাড়ির আঙিনা, ছাদ এবং সম্ভাবনাময় সব স্থানে ফলদ গাছ রোপণ করতে হবে। একই সঙ্গে ফলের বাজার সম্প্রসারণ, সংরক্ষণ ব্যবস্থা উন্নয়ন, গবেষণার মাধ্যমে দেশীয় ফলের প্রাপ্যতা বাড়ানো এবং ফল গাছের চারার ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোরের উপপরিচালক মো. হাবিবুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট খন্দকার মাহবুব এবং আদর্শ ফলচাষি আল আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) শামসুন্নাহার ভূঁইয়া।
মেলায় ১৪ ধরনের প্রচলিত ও ২৩ ধরনের অপ্রচলিত দেশীয় ফলের পাশাপাশি ২৫ জাতের আম প্রদর্শন করা হচ্ছে। ১১টি স্টলে ফল প্রদর্শনের পাশাপাশি নাটোরের ঐতিহ্যবাহী ভেষজ পল্লীর বিভিন্ন ভেষজ উপকরণ ও ফলদ গাছের চারা বিক্রি করা হচ্ছে।
আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। আগামী তিন দিন ধরে চলবে এই আয়োজন।



















