বাগাতিপাড়ায় নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠায় অ্যাডভোকেসি সভা
- আপডেট সময় : ১১:১২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ১৬৯ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠায় অ্যাডভোকেসি সভা
নাটোরের বাগাতিপাড়ায় নারী ও পুরুষের অধিকারে ন্যায্যতা প্রতিষ্ঠা এবং নেতিবাচক জেন্ডার ধারণা মোকাবিলায় স্থানীয় সরকার, প্রশাসন ও কমিউনিটি নেতাদের সঙ্গে তরুণদের সংলাপ ও অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে ‘সমতার তারুণ্য’ (ইয়ুথ ফর ইক্যুয়ালিটি) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির রাজশাহী বিভাগের কমিউনিকেশন সেক্রেটারি আতাউর রহমান অমির সঞ্চালনায় এবং নাটোর জেলা সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশিক এস বি সাত্তার, সমতার তারুণ্য প্রকল্পের জেন্ডার স্পেশালিস্ট ফারজানা আক্তার রুপা, জাগো ফাউন্ডেশনের মালিহা নাজজারিন, জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, সাপ্তাহিক উত্তর গণজীবন পত্রিকার সম্পাদক রেজাউল করিম খান, দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা ফজলুর রহমান, শিক্ষক, ইমাম এবং সংগঠনের সদস্যরা।
সভায় অংশ নেওয়া তরুণ প্রতিনিধিরা তাদের নিজ নিজ কমিউনিটিতে বিদ্যমান বিভিন্ন সামাজিক সমস্যার কথা তুলে ধরেন। তারা বেতন বৈষম্য, নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণে প্রতিবন্ধকতা, ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে পুরুষদের ওপর অতিরিক্ত নির্ভরতা, অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার প্রবণতা এবং ছেলে সন্তানকে অগ্রাধিকার দেওয়ার মতো বিষয়গুলো তুলে ধরেন।
এ সময় এসব সমস্যা সমাধানে যৌথ উদ্যোগ ও অ্যাডভোকেসি কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। তরুণরা সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ দূর করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি তরুণদের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সহযোগিতা বৃদ্ধিরও আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে চার বছর মেয়াদি ‘সমতার তারুণ্য’ প্রকল্পটি দেশের আটটি বিভাগে বাস্তবায়ন করা হচ্ছে। সমাজে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং নেতিবাচক জেন্ডার ধারণা পরিবর্তনের লক্ষ্যে যুব ও যুব নেতৃত্বাধীন সংগঠন, গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজনকে সম্পৃক্ত করে কাজ করছে প্রকল্পটি।



















