নলডাঙ্গায় সাংবাদিক হেনাস্থার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের
- আপডেট সময় : ০৭:০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ১৫৭ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় সাংবাদিক হেনাস্থার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের
নাটোরের নলডাঙ্গায় পেশাগত দায়িত্ব পালনকালে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের হেনাস্থা, কাজে বাধা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে নলডাঙ্গা বারনই নদীর সেতুর ওপর এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মো. রানা আহমেদ এবং মোস্তাফিজুর রহমান উপজেলা কৃষি অফিসের কৃষকদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। এসময় তারা নলডাঙ্গা পৌরসভার ভবন নির্মাণকাজে ব্যবহৃত মাটি পরিবহনের কারণে সড়কে সৃষ্ট জনদুর্ভোগের ভিডিওচিত্র ধারণ করেন।
স্থানীয়দের অভিযোগ ছিল, পুকুর খননের মাটি ট্রাক্টরে করে পরিবহনের সময় সড়কে পড়ে গিয়ে বারনই সেতুর ঢাল কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে ওঠে, ফলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।
ভিডিও ধারণের সময় নলডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. বাচ্চু সরদার, মাধনগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. টিটু সরদার এবং তার বড় ভাই মাধনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মানিকুজ্জামান বিদ্যুত সাংবাদিকদের কাজে বাধা, ভয়ভীতি ও হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
এসময় মো. রাশেদ আলম ভিডিও ধারণ করার সময় তার মোবাইল ফোন জোরপূর্বক কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিকরা জানান, সংবাদচিত্র ধারণের সময় অভিযুক্তরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরে আলম বলেন, সাংবাদিক হেনাস্থার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান আলী খাঁন বলেন, সড়কে মাটি পড়ে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়কে পড়ে থাকা মাটি দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।




















