সিংড়ায় কৃষক মেছের আলী হ/ত্যা মামলায় ২৭ বছর পর ৬ জনকে যাবজ্জীবন
- আপডেট সময় : ০৯:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ২৫১ বার পড়া হয়েছে

সিংড়ায় কৃষক মেছের আলী হ/ত্যা মামলায় ২৭ বছর পর ৬ জনকে যাবজ্জীবন
প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড
নাটোরের সিংড়ায় ২৭ বছর আগের কৃষক মেছের আলী হত্যা মামলায় আদালত ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড আরোপ করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় চারজন আসামি আদালতে উপস্থিত ছিলেন, দুজন পলাতক রয়েছেন। মামলার মূল আট আসামির মধ্যে দুজন ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন।
আদালত সূত্রে জানা যায়, নাটোরের সিংড়া উপজেলার কলিগ্রামের কৃষক মেছের আলী ও একই গ্রামের সোলেমান মৃধা-র মধ্যে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ ছিল। ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রতিবেশী মছিরন বিবি কৌশলে মেছের আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। কিছু সময় পর তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। গুরুতর আহত মেছের আলী হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
পরবর্তী দিন নিহত মেছের আলীর ছেলে বাদী হয়ে সিংড়া থানায় আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে আসামিরা জামিনে মুক্তি পান। বিচার চলাকালীন দুজন আসামি মারা যান এবং দুজন আত্মগোপনে চলে যান।
দীর্ঘ ২৭ বছর ধরে সাক্ষ্যপ্রমাণ গ্রহণের পর আদালত আজ এই রায় ঘোষণা করে। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত উপস্থিত আসামিদের নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট শাহেদ মাহমুদ টিটু বিষয়টি নিশ্চিত করে বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট।”




















