নাটোরে নির্বাচনী নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
- আপডেট সময় : ০৩:১৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ২৭৩ বার পড়া হয়েছে

নাটোরে নির্বাচনী নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে দায়িত্ব পালন করছে বিজিবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাটোর জেলায় ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে গত ২৯ জানুয়ারি থেকে বিজিবি সদস্যরা জেলার বিভিন্ন নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন শুরু করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি নির্বাচনকালীন অভ্যন্তরীণ দায়িত্ব পালনের অংশ হিসেবে নাটোর জেলার চারটি সংসদীয় আসনের সাতটি উপজেলায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকায় সাতটি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে, যেখানে প্রতিটিতে দুই প্লাটুন করে মোট ১৪ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
দায়িত্ব পালনে স্বচ্ছতা ও নজরদারি বাড়াতে বিজিবি সদস্যরা আধুনিক প্রযুক্তি, বডি ওর্ন ক্যামেরা এবং ড্রোন ব্যবহার করছেন। এছাড়া নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) প্রস্তুত রাখা হয়েছে।
৫৩ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, পেশাদার ও সুশৃঙ্খল বাহিনী হিসেবে বিজিবি রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবে। সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।




















