পঞ্চগড়ে জাগপাসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
- আপডেট সময় : ০৩:২২:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৪৯৪ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে জাগপাসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
আসন ত্রুটি ও কাগজপত্রে গরমিল; দুই আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় জেলার দুইটি সংসদীয় আসনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানসহ মোট ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনে আসন ত্রুটির কারণে জাগপার প্রার্থী রাশেদ প্রধানের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া পঞ্চগড়-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রহিমুল ইসলাম বুলবুল, স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন সুমন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী রেজাউল ইসলাম, জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী আশরাফুল আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
জানা গেছে, পঞ্চগড় জেলার দুইটি সংসদীয় আসনে মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে পঞ্চগড়-১ আসনে ৮ জন এবং পঞ্চগড়-২ আসনে ১১ জন মনোনয়নপত্র জমা দেন।
যাচাই-বাছাই শেষে পঞ্চগড়-১ আসনে ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন— বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের শাপলা প্রতীকের প্রার্থী সারজিস আলম, বাংলাদেশ লেবার পার্টির ফেরদৌস আলম, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের সিরাজুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর আব্দুল ওয়াদুদ বাদশা, গণঅধিকার পরিষদের মাহাফুজার রহমান এবং বাংলাদেশ জাসদের নাজমুল হক প্রধান।
অন্যদিকে পঞ্চগড়-২ আসনে ১১ জনের মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন— বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ, জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী সফিউল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী কামরুল হাসান প্রধান, বাংলাদেশ জাসদের এমরান আল আমিন এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির দেলোয়ার হোসেন।
রিটার্নিং কর্মকর্তা ও পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানান, দুই আসনে যাচাই-বাছাই শেষে মোট ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি ৭ জনের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় সেগুলো বাতিল করা হয়েছে। আগামী ২১ জানুয়ারি বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর থেকেই তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।
তিনি আরও বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।























