রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবস পালিত
- আপডেট সময় : ০৩:১৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৩২১ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবস পালিত
দক্ষতা নিয়ে বিদেশে গিয়ে রেমিট্যান্সে স্বদেশ গড়ার আহ্বান
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স নিয়ে গড়বো স্বদেশ”-এই স্লোগানে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা বেগম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, ঠাকুরগাঁও টিটিসির চিফ ইন্সট্রাক্টর সাদেকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনা সভায় ইউএনও খাদিজা বেগম যুবকদের উদ্দেশ্যে বলেন, বিদেশে যাওয়ার আগে অবশ্যই দেশের বিভিন্ন সরকারি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং এতে করে বৈধ উপায়ে বেশি রেমিট্যান্স পাঠানো সম্ভব হবে।
বক্তারা আরও বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই প্রবাসীদের সুরক্ষা, সম্মান ও মর্যাদা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।























