ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা ব্যক্তি গুরুতর আহত, বাগাতিপাড়া থেকে রাজশাহী মেডিকেলে রেফার
- আপডেট সময় : ০২:৩৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৩৮২ বার পড়া হয়েছে

ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা ব্যক্তি গুরুতর আহত, বাগাতিপাড়া থেকে রাজশাহী মেডিকেলে রেফার
মাথা ও কোমরে মারাত্মক আঘাত, একটি পা বিচ্ছিন্ন—অবস্থা আশঙ্কাজনক
নাটোরের লালপুর উপজেলার করিমপুর রেলগেট এলাকায় রাজশাহী অভিমুখী একটি ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতনামা ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের সঙ্গে সজোরে ধাক্কা লেগে ওই ব্যক্তি রেললাইনের পাশে ছিটকে পড়েন। দুর্ঘটনার পর তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে দয়ারামপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। দয়ারামপুর ফায়ার সার্ভিসের দমকলকর্মী বাবর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. রিতা রানী জানান, আহত ব্যক্তির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তার মাথা ও কোমরে গুরুতর আঘাত রয়েছে। এছাড়া দুর্ঘটনায় তার একটি পায়ের একাংশ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।
তিনি আরও জানান, প্রাথমিক চিকিৎসা শেষে রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহত ব্যক্তি নিজের পরিচয় স্পষ্টভাবে জানাতে পারছেন না। কখনও নিজের নাম ‘বেলাল’, আবার কখনও ‘দেলোয়ার’ বলে উল্লেখ করছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হতে পারেন।
ঘটনার পর এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। আহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।














