নির্বাচনী তফসিল ঘোষণার মতোই ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন: মিলন
- আপডেট সময় : ০৫:০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ২৯২ বার পড়া হয়েছে

নির্বাচনী তফসিল ঘোষণার মতোই ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন: মিলন
হাদি ও এরশাদুল্লাহকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে মোহনপুর বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্রপ্রার্থী শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহকে গুলিবিদ্ধ করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে রাজশাহীর মোহনপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে মোহনপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহাসড়কের বিভিন্ন বাজার প্রদক্ষিণ করে উপজেলা সদরের সামনে এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে কারা গুলি করেছে, তা আজ পরিষ্কার। হাদির ওপর গুলির ঘটনায় সরাসরি ইসলামী ছাত্রশিবির জড়িত। এটি বিএনপির বক্তব্য নয়—এটি ডিএমপি কমিশনারের দেওয়া তথ্য।”
তিনি আরও বলেন, “নদীর ওপার থেকে যারা ঘোষণা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছেন, দেশের মানুষ তাদের কোনো ষড়যন্ত্রই মেনে নেবে না। নির্বাচনী তফসিল ঘোষণার মাধ্যমে যেমন নির্বাচনের ট্রেন চালু হয়েছে, ঠিক তেমনি আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন।”
মিলন দাবি করেন, “তারেক রহমান ২০২৬ সালের নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবেন।”
পথসভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি এবং আহত চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বিক্ষোভ মিছিল ও পথসভায় আরও উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর আর রশীদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ, ধুরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন, মোহনপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু, মোহনপুর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল রাজ্জাকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে একই দাবিতে পবার কাঁঠাখালি পৌরসভা, দারুসা বাজার, নওহাটা পৌরসভা এবং মোহনপুরের কেশরহাটে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।



















