রাণীশংকৈলে রাতে বিষ ছিটিয়ে ৪২ শতক ভুট্টা বিনষ্ট, থানায় অভিযোগ
- আপডেট সময় : ০৪:৪৫:২২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ২১৮ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে রাতে বিষ ছিটিয়ে ৪২ শতক ভুট্টা বিনষ্ট, থানায় অভিযোগ
হাফিজ উদ্দিনের জমির ফসল নষ্টের অভিযোগ তিনজনের বিরুদ্ধে; ঘটনাস্থলে পুলিশ ও কৃষি কর্মকর্তার তদন্ত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গভীর রাতে বিষ স্প্রে করে ভুট্টার ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যার পরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের সন্ধারই গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক হাফিজ উদ্দিন জানান, তার তফসিলভুক্ত জেল নং–৬৯, খতিয়ান নং–৪৩০/৩১৪, দাগ নং–৪৫৯ এ মোট ৪২ শতক ভোগদখলীয় জমি রয়েছে। এই জমির ভুট্টা ফসলে দুর্বৃত্তরা বিষ ছিটিয়ে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। এতে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় হাফিজ উদ্দিন একই রাতে তিনজনকে অভিযুক্ত করে রাণীশংকৈল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানার এসআই জোতিষ ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বলেন, “ঘটনাস্থল তদন্ত করেছি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম দুপুরে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করে বলেন, “ভুট্টা ক্ষেতে স্প্রে করে বিষ দেওয়া হয়েছে। এতে গাছগুলো দগ্ধ হয়ে গেছে, যা স্পষ্টতই নাশকতা।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।










