নাটোর-১ আসনে এবি পার্টি প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ
- আপডেট সময় : ০১:৫৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ১৯২ বার পড়া হয়েছে

নাটোর-১ আসনে এবি পার্টি প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ
দয়রামপুরসহ বিভিন্ন স্থানে বিলবোর্ড ছিঁড়ে ফেলার অভিযোগ; জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি গোষ্ঠীর সংশ্লিষ্টতার দাবি
নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী এএসএম মোকাররেবুর রহমান নাসিমের বিলবোর্ড ভেঙে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। নির্বাচনী এলাকার দয়রামপুরসহ বিভিন্ন স্থানে তার প্রচারণামূলক বিলবোর্ড ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।
দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবি পার্টির ঈগল প্রতীকের প্রচারণা চলছে আসনের ১৫টি ইউনিয়ন ও ২টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে। প্রতিদিনই প্রার্থী নাসিমের ব্যক্তিগত পরিচিতি, দলের আদর্শ ও নির্বাচনী প্রতিশ্রুতি ভোটারদের কাছে তুলে ধরছেন কর্মীরা। এতে ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলেও দাবি তাদের।
এবি পার্টির নেতা সুজন বলেন, “আমাদের জনপ্রিয়তা বাড়ছে প্রতিদিন। ঈগল প্রতীকের প্রচার বাড়ার সঙ্গে সঙ্গে ঈর্ষান্বিত হয়ে একটি মহল বিলবোর্ড ভেঙে ফেলছে, পোস্টার ছিঁড়ে ফেলছে।”
আরেক নেতা আলহাজ্ব হাসমত আলী বলেন, “আমাদের জনপ্রিয়তায় ভয় পেয়ে একটি গোষ্ঠী এ নোংরা কাজ করছে।”
এ বিষয়ে প্রার্থী এএসএম মোকাররেবুর রহমান নাসিম বলেন, “আমি মনে করি এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক অ্যাকটিভিজম নয়; এটি ফ্যাসিবাদী আচরণ। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”



















