শেরপুরে যুব উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে এসডিএফ’র কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৫১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ২৪৫ বার পড়া হয়েছে

শেরপুরে যুব উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে এসডিএফ’র কর্মশালা অনুষ্ঠিত
আরইএলআই প্রকল্পের মাধ্যমে তরুণদের দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা সৃষ্টি ও জীবিকা উন্নয়ন নিয়ে আলোচনা
শেরপুরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজিত ‘যুব উন্নয়ন ও কর্মসংস্থান’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট (RELl) প্রকল্পের আওতায় মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম কমল। প্রধান আলোচনায় তিনি বলেন, বর্তমান সরকারের বিভিন্ন প্রকল্প ও সহায়তা কাজে লাগিয়ে যুবসমাজকে স্বনির্ভর হতে হবে। এসডিএফ’র আরইএলআই প্রকল্প তরুণদের উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়িয়ে দেবে এবং কর্মসংস্থানে নতুন দিগন্ত তৈরি করবে।
কর্মশালায় যুবদের সক্ষমতা বৃদ্ধি, উদ্যোক্তা তৈরির সুযোগ, প্রশিক্ষণ সুবিধা এবং কর্মসংস্থানমুখী উদ্যোগ নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
এসডিএফ-এর জেলা ব্যবস্থাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং আঞ্চলিক ব্যবস্থাপক তানজিনা আলম এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এবিএম আব্দুর রউফ, জেলা মৎস্য কর্মকর্তা সুলতানা লায়লা তাসনীম, জেলা সমবায় কর্মকর্তা সাহাদত হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কো-অর্ডিনেটর অরুনাথ দেবনাথ, ব্র্যাকের আঞ্চলিক কো-অর্ডিনেটর ফারহানা মিল্কী, টিসিসি’র অধ্যক্ষ পীযুষ কান্তি সরকার।
এছাড়া এসডিএফ-এর হিসাব ও প্রশাসন কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, জেলা কর্মকর্তা (এলএইচ) মোহাম্মদ ছামিউর রহমান খান, ক্লাস্টার কর্মকর্তা বলরাম চন্দ্র ঘোষ উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, আরইএলআই প্রকল্প জেলার তরুণদের জীবিকা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, নকলা, নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতীসহ চার উপজেলার ৭টি ক্লাস্টারের কর্মকর্তা ও উপকারভোগীরা অংশগ্রহণ করেন।




















