‘আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে’ — ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৪:৪২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ১৬৪ বার পড়া হয়েছে

‘আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে’ — ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
নির্বাচনের উপযোগী পরিবেশ, রাজনৈতিক প্রতিহিংসা ভুলে শান্তির রাজনীতি এবং রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব
আগামী ২৬ ফেব্রুয়ারির প্রথম দিক বা মধ্যবর্তী সময়ে দেশে নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “দেশে এখন এমন কোনো পরিস্থিতি নেই যেখানে নির্বাচন ব্যাহত হতে পারে।” মঙ্গলবার ঠাকুরগাঁও আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক। “এখন সবকিছুই নির্বাচন উপযোগী। কোনো ধরনের সহিংস পরিস্থিতির সম্ভাবনা দেখি না।”
বিএনপিতে একই আসনে একাধিক প্রার্থী থাকা প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি বিশাল একটি রাজনৈতিক দল—একটা স্রোতোশীল নদীর মতো। এখানে চার-পাঁচজন করে প্রার্থী থাকতেই পারে। এটা নতুন কিছু নয়, বরং বড় দলের শক্তির প্রতিফলন।”
তিনি জানান, প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উদ্যোগে ছয়টি কমিশন রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারে কাজ করছে।
“আমরা ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদী অবস্থা থেকে গণতন্ত্রে ফিরতে একটি ট্রানজিশন পিরিয়ড পার করছি,” বলেন তিনি।
দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রসঙ্গে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো এ বিষয়ে একমত—এটি চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করবে। একটি কক্ষ এককভাবে ক্ষমতাসীন হতে পারবে না।” এছাড়া—প্রধানমন্ত্রীর মেয়াদ দুই ট্রামের বেশি নয়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সম্পূর্ণ স্বাধীন বিচার বিভাগ—এ তিনটি বিষয়ের ওপর রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হয়েছে বলে জানান তিনি।
দীর্ঘ রাজনৈতিক জীবনের ব্যক্তিগত কষ্টের কথা স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, “১৫ বছর ধরে জেল–অত্যাচার সহ্য করেছি, কিন্তু আশা ছাড়িনি। লড়াই চালিয়ে গেলে বিজয় আসবেই।”
তিনি বলেন, “এনসিপি ছেলেদের মতো যুবসমাজের অংশগ্রহণকে স্বাগত জানানো উচিত। নতুন প্রজন্মই দেশকে সামনে এগিয়ে নেবে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে সমঝোতার অভিযোগ নিয়ে তিনি বলেন, “আর কতদিন যুদ্ধ করব? কতদিন হিংসা-বিদ্বেষ, খুন–জখম চলবে? আমাদের শান্তিতে ফিরে যেতে হবে।”
৫ই আগস্টের আন্দোলনের পর অসুস্থ খালেদা জিয়ার প্রথম মন্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “তিনি বলেছিলেন—‘এখন আর কোনো প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়।’ এত অত্যাচার সহ্য করেও তার এমন অবস্থান—এটা নেলসন ম্যান্ডেলার মতো নেতৃত্বের উদাহরণ।”
মতবিনিময় অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মকদুম সাব্বির মৃদুল, পিপি মো. আব্দুল হালিম, নারী ও শিশু আদালতের পিপি এন্তাজুল হক, ইউসুফ আলীসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।




















