লালপুরের ১০ ইউনিয়নে কৃষকের ধান কেটে আলোচনায় ধানের শীষের প্রার্থী পুতুল
- আপডেট সময় : ০২:০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ২৭২ বার পড়া হয়েছে

লালপুরের ১০ ইউনিয়নে কৃষকের ধান কেটে আলোচনায় ধানের শীষের প্রার্থী পুতুল
শ্রমিক সংকটে বিপাকে পড়া কৃষকদের পাশে দাঁড়িয়ে দিনভর ধান কেটে দেন ব্যারিস্টার ফারজনা শারমিন পুতুল; প্রশংসায় ভাসছে বিএনপি প্রার্থী
নাটোরের লালপুর উপজেলায় শ্রমিক সংকটে বিপাকে পড়া কৃষকদের জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন নাটোর–১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজনা শারমিন পুতুল। তার এ উদ্যোগে নির্বাচনী মাঠে ব্যাপক সাড়া পড়েছে, প্রশংসায় ভাসছেন কৃষকসহ সাধারণ মানুষ।
রবিবার (২৩ নভেম্বর) দিনব্যাপী উপজেলার ১০ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধান কাটার এই কার্যক্রমে পুতুলের পাশাপাশি অংশ নেন যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতা–কর্মী।
ডেবরপাড়া গ্রামের কৃষক রওশন আলম বলেন, “শ্রমিক না পেয়ে চিন্তায় ছিলাম। ধানের শীষের প্রার্থী পুতুল আপা ধান কেটে দিয়েছেন—এ জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ।”
এ সময় উপস্থিত ছিলেন—লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক ও পৌরমেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুস সালাম, মৎস্যজীবী দলের সদস্যসচিব রফিকুল ইসলাম, লালপুর ইউনিয়ন বিএনপির সহ–সভাপতি হায়দার আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাস্টার, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আজিজ রঞ্জু, ইউপি সদস্য এমদাদুল হকসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।
এছাড়া চংধুপইল, আড়বাব, বিলমাড়ীয়া, দুয়ারিয়া, ওয়ালিয়া, দুড়দুড়িয়া, এবি ও কদিমচিলান ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারাও মাঠে থেকে কৃষকদের ধান কাটতে সহায়তা করেন।
পুতুলের এই শ্রম–সাহায্য কার্যক্রমকে অনেকেই স্থানীয় নির্বাচনী রাজনীতিতে “পজিটিভ ক্যাম্পেইন” হিসেবে দেখছেন।



















