লালপুরে কৃষকের কলা ও লাউ গাছ কেটে দিল দুর্বৃত্তরা!
- আপডেট সময় : ০২:২০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ৫৫১ বার পড়া হয়েছে

লালপুরে কৃষকের কলা ও লাউ গাছ কেটে দিল দুর্বৃত্তরা!
নাটোরের লালপুরে রাতের আঁধারে এক কৃষকের কলা বাগান ও লাউ গাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।
ঘটনাটি ঘটেছে বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের কাজিপাড়া এলাকায়। ক্ষতিগ্রস্ত কৃষক মো. মাসুদ রানা, তিনি একই গ্রামের মো. সুব্বাস আলীর ছেলে।
বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রায় ১ হাজার ৮০০টি কলাগাছ কেটে ফেলা হয়েছে। প্রতিটি গাছে কাঁদি ধরে বিক্রির উপযুক্ত অবস্থায় ছিল। পাশাপাশি পাশের জমিতে থাকা লাউ গাছের গোড়াগুলো কেটে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা, ফলে লাউগুলো মাটিতে পড়ে নষ্ট হয়ে গেছে।
কৃষক মাসুদ রানার বাগানে দীর্ঘদিন ধরে কাজ করা শ্রমিক নুরু ইসলাম বলেন, “আমি প্রতিদিন বাগানে কাজ করি। সকালে এসে দেখি সব কলা গাছ কেটে ফেলা হয়েছে। শুধু কলা নয়, পাশে থাকা লাউ গাছগুলোকেও নষ্ট করেছে। কারা এমন করল বুঝে উঠতে পারছি না।”
স্থানীয়রা জানান, মাসুদ রানা দীর্ঘদিন ধরে কলা ও সবজির চাষ করে আসছেন। তার সঙ্গে কারও শত্রুতার কথা তারা শোনেননি। তবে ঘটনাটি দেখে তারা একে শত্রুতামূলক হামলা বলে মনে করছেন।
তারা বলেন, “মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে, কিন্তু গাছের সঙ্গে কেমন শত্রুতা? যারা এমন ঘৃণ্য কাজ করেছে, তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন সাহস না পায়।”
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”



















