রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু
- আপডেট সময় : ০৯:৩১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৩৬২ বার পড়া হয়েছে

রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু
এম এম মামুনঃ
রাজশাহীতে সিটি পশুর হাটে মহিষের শিংয়ের আঘাতে মাহমুদ তোতা (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদ তোতা রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপুর এলাকার সানোয়ার হোসেনের ছেলে।
সিটি হাটের অন্যতম ইজারাদার আমিনুল ইসলাম আমিন জানান, মহিষটি খুবই পাগলাটে স্বভাবের ছিল। দুর্ঘটনার পর সেটিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। পরে হাটের লোকজন কৌশলে মহিষটিকে ধরে ফেলেন। বর্তমানে সেটিকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিক্রির উদ্দেশ্যে একটি মহিষকে হাটে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। হঠাৎ রশি খুলে গেলে মহিষটি মাহমুদ তোতাকে শিং দিয়ে সজোরে আঘাত করে। এতে তার তলপেট ও অণ্ডকোষে গুরুতর আঘাত লাগে। পরে হাটের ইজারাদারের লোকজন দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আকবর আলী জানান, রাতে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।























