বাগাতিপাড়ায় কৃষকদের মাঝে ২ হাজার ৫০০ গাছের চারা বিতরণ
- আপডেট সময় : ০৯:০১:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় কৃষকদের মাঝে ২ হাজার ৫০০ গাছের চারা বিতরণ
ফজলুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
নাটোরের বাগাতিপাড়ায় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং কৃষকদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কৃষক-কৃষাণীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং ব্র্যাক ব্যাংক পিএলসির অর্থায়নে ‘পার্টনারশিপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
চক হরিরামপুর-মুরাদপুর-টুনিপাড়া মহল্লায় আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পভুক্ত কৃষি উন্নয়ন সমিতির কৃষক-কৃষাণী এবং সমিতির পার্শ্ববর্তী কৃষকদের মধ্যে বিনামূল্যে চারা বিতরণ করা হয়। এতে ২৫০ জন কৃষককে মাথাপিছু ১০টি করে মোট ২ হাজার ৫০০টি গাছের চারা দেওয়া হয়।
অনুষ্ঠানে পার্টনারশিপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের মনিটরিং অফিসার শারমিন সুলতানার সঞ্চালনায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোরের উপপরিচালক মো. হাবিবুর ইসলাম খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক (লিগ্যাল ও সাপোর্ট সার্ভিসেস) মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রকল্পের পরামর্শক কৃষিবিদ ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস ও বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়।
প্রধান অতিথি তার বক্তব্যে পরিবেশের ভারসাম্য রক্ষায় কৃষকদের ফলজ ও বনজ গাছ রোপণে উৎসাহিত করেন। তিনি বলেন, একজন কৃষক যদি একটি চারাও সঠিকভাবে পরিচর্যা করেন, তবে ভবিষ্যতে সেটি পরিবার ও সমাজের জন্য মূল্যবান সম্পদে পরিণত হবে। সবুজায়নের মাধ্যমে একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
তিনি কৃষি উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশবান্ধব কৃষিচর্চার ওপরও গুরুত্বারোপ করেন।























