লালপুরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৩৭ হাজার টাকা উদ্ধার
- আপডেট সময় : ০৭:০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

লালপুরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৩৭ হাজার টাকা উদ্ধার
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে অটোভ্যান চুরির মামলায় সাজদার রহমান (৫১), মিলন ইসলাম (২৯), আবেদ আলী (৪৫) ও শফিকুল ইসলাম (২৪) নামের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি হওয়া অটোভ্যান বিক্রির টাকা থেকে ৩৭ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো-লালপুর উপজেলার বাকনাই (কদমতলা) এলাকার মৃত দেছের উদ্দিনের ছেলে সাজদার রহমান, মৃত শাহাজান আলীর ছেলে মিলন ইসলাম, মৃত রহমান মন্ডলের ছেলে আবেদ আলী ও মোঃ জহুরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে লালপুর উপজেলার বাকনাই গ্রামের বাসিন্দা শাকিল আলী তার অটোভ্যানটি বাড়ির বারান্দায় শিকল দিয়ে তালাবদ্ধ করে রাখেন। পরদিন ১৪ অক্টোবর ভোর ৫টার দিকে শাকিল বাড়ি থেকে বের হতে গিয়ে দেখেন, শোবার ঘরের দরজা বাইরে থেকে আটকানো। জানালা দিয়ে বের হয়ে বাড়ির বারান্দায় গিয়ে তিনি শিকল ও তালা কাটা অবস্থায় দেখতে পান। এ সময় সেখানে রাখা অটোভ্যানটিও পাওয়া যায়নি। চুরি হওয়া ভ্যানটির আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। এ ঘটনায় শাকিল বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ওই অভিযোগের প্রেক্ষিতে লালপুর থানা এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। পরে মঙ্গলবার অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে চুরি হওয়া অটোভ্যান বিক্রির ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, প্রাথমিক তদন্তে তাদের এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। মামলার তদন্ত চলমান রয়েছে। গ্রেপ্তার চারজনকে মঙ্গলবার (২০ অক্টোবর) আদালতে সোপর্দ করা হয়।





















