পঞ্চগড়ে দরিদ্র নারীদের মাঝে দুইটি করে মা ছাগল বিতরণ
- আপডেট সময় : ১১:২৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে দরিদ্র নারীদের মাঝে দুইটি করে মা ছাগল বিতরণ
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে অধিকারবঞ্চিত, দরিদ্র ও পিছিয়ে পড়া নারীদের আর্থসামাজিক উন্নয়নে বিনামূল্যে মা ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের ফেডারেশন মাঠে ‘মা ছাগল পালন কর্মসূচি (বিশেষ)’-এর আওতায় প্রকল্পের প্রথম পর্যায়ে ১৭ জন দরিদ্র নারীর মাঝে দুইটি করে মা ছাগল বিতরণ করা হয়।
বাংলাদেশ এনজিও ফেডারেশন (বিএনএফ)-এর অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুফলভোগী নারীদের হাতে ছাগল তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা।
হাফিজাবাদ ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান মো. আবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইয়াছিন আলী, হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য তরিকুল ইসলাম ও ফেডারেশনের সেক্রেটারি আব্দুস সাত্তার।
এ সময় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দরিদ্র ও পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করে তুলতে এবং তাদের পরিবারের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও নারীদের এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
হাফিজাবাদ ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশন প্রকল্পটি বাস্তবায়ন করছে।


















