শিবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার
- আপডেট সময় : ০৩:০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৯১ বার পড়া হয়েছে

শিবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের একটি আমবাগান থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। শুক্রবার (৯ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৫-এর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম।
সিনিয়র সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর একটি দল জানতে পারে, শিবগঞ্জের নামোচাকপাড়া এলাকার একটি আমবাগানে অবৈধ অস্ত্র মজুত রয়েছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান চালায় একটি আভিযানিক দল। পরে আমবাগানে তল্লাশি চালিয়ে একটি সাদা শপিং ব্যাগে কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, অভিযানের সময় আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলার অবনতি কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অস্ত্র ও গুলিগুলো সেখানে রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা অস্ত্র, গুলি ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।























