বাগাতিপাড়ায় চায়ের দোকান থেকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ, থানায় মামলা দায়ের
- আপডেট সময় : ০৪:১৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় চায়ের দোকান থেকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ, থানায় মামলা দায়ের
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় পারিবারিক বিরোধের জেরে লিটন আলী (৪৫) নামে এক ব্যক্তিকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লোহার রড ও হাতুড়ি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন আহত লিটনের মামা বারিক হোসেন।
অভিযোগকারী লিটনের মামা মো. বারিক হোসেনের দেওয়া অভিযোগে অভিযুক্তরা হলেন, উপজেলার ফাগুয়ার দিয়াড় ইউনিয়নের সাইলকোনা কান্দিপাড়া গ্রামের মৃত নূহু মাস্টারের ছেলে কাওছার আলী (৫০), তার ছেলে কানন (২২), স্ত্রী হাফিজা বেগম (৪০), একই ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত গুল মোহাম্মাদের ছেলে হাতেম আলী (৬০) ও মৃত আফসার খাঁ’র ছেলে হাসেম খাঁ (৫০)। তাদের সঙ্গে অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের কামারপাড়া এলাকায় জনৈক মহিদুল ইসলামের চায়ের দোকানে বসে চা পান করছিলেন লিটন আলী। এ সময় মো. হাসেম খাঁ তার সঙ্গে কথা আছে বলে পাশের একটি প্রজেক্টের কাছে রাস্তার ওপর ডেকে নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে সেখানে কাওছার আলীসহ অন্য অভিযুক্তরা লিটনকে একটি ব্যাটারিচালিত অটোতে তুলে নিয়ে যান বলে অভিযোগকারীর দাবি।
অভিযোগে আরও বলা হয়, কিছুক্ষণ পর কামারপাড়া থেকে স্বরূপপুরগামী সড়কের মাঝামাঝি স্থানীয় রনির কলাবাগানের সামনে অটোটি থামানো হয়। এরপর লিটনকে অটো থেকে নামিয়ে কাওছার আলীর নির্দেশে অভিযুক্তদের একজন ধারালো হাসুয়া দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে কোপ দেন বলে অভিযোগ করা হয়েছে। লিটন কাত হয়ে যাওয়ায় কোপটি তার গলার বাম পাশে লাগে এবং এতে তিনি গুরুতর জখম হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় অন্য অভিযুক্তরা লোহার রড ও হাতুড়ি দিয়ে লিটনকে এলোপাতাড়ি মারধর করেন বলেও অভিযোগ করা হয়েছে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে বলে অভিযোগকারীর দাবি।
লিটনের চিৎকার শুনে স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা আহত লিটনকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনন চন্দ্র দাস অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি মামলা আকারে নতিভুক্ত করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



















