রাজশাহী নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে আরএমপি কাজ করে যাচ্ছে- ভূমিমন্ত্রী মিনু
- আপডেট সময় : ০২:৫৩:০১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে

রাজশাহী নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে আরএমপি কাজ করে যাচ্ছে- ভূমিমন্ত্রী মিনু
রাজশাহীকে আরও নিরাপদ ও বাসযোগ্য মহানগর হিসেবে গড়ে তুলতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, “আগামী দিনে আরও নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী মহানগর গড়ে তোলা হবে। এই মহানগর ভালো মানুষের জন্য আরও বসবাস উপযোগী হয়ে উঠবে। এ লক্ষ্যেই আরএমপি কাজ করছে।”
তিনি বলেন, ৩৪ বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আইনশৃঙ্খলা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। দেশের মানুষ যাতে নিরাপদ ও নির্বিঘ্নে বসবাস করতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী।
এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরএমপির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ভূমিমন্ত্রী।
অনুষ্ঠান শেষে আরএমপি সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর দপ্তরে এসে শেষ হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরএমপির পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।















