তানোরে শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ
- আপডেট সময় : ০৩:২৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ৪২৬ বার পড়া হয়েছে

তানোরে শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ
পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপ বন্ধে ব্যবস্থা না নিলে হাইকোর্টে জনস্বার্থ মামলা
রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে দুই বছর বয়সী শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে শিশু সাজিদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানসহ অরক্ষিত ও পরিত্যক্ত নলকূপ স্থায়ীভাবে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া সংশ্লিষ্ট দপ্তরসমূহের কাছে এই লিগ্যাল নোটিশ পাঠান।
লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় শত শত পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপ জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। সম্প্রতি তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে একটি পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু সাজিদের মৃত্যুর ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও চরম প্রশাসনিক উদাসীনতারই প্রমাণ।
নোটিশে বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকের জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়। একই সঙ্গে ১৫ দিনের মধ্যে একাধিক নির্দেশনা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
দাবিগুলোর মধ্যে রয়েছে, সব পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপ চিহ্নিত করে জরিপ কার্যক্রম, রাষ্ট্রীয় ব্যয়ে নলকূপগুলো সিল/ভরাট বা স্থায়ীভাবে বন্ধ করা, অবৈধ নলকূপ খননে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, নিরাপদ নলকূপ ব্যবস্থাপনায় মানসম্মত কার্যপ্রণালি (SOP) প্রণয়ন, অননুমোদিত নলকূপ স্থাপনা রোধে কঠোর নজরদারি, দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ, নোটিশে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে বিষয়টি জনস্বার্থ মামলা (পিআইএল) হিসেবে হাইকোর্ট ডিভিশনে দায়ের করা হবে।























