শেরপুরের ঝিনাইগাতীতে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ
- আপডেট সময় : ০২:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ৩৯৪ বার পড়া হয়েছে

শেরপুরের ঝিনাইগাতীতে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের মালিঝিকান্দা গ্রামে পৈতৃক সম্পত্তি জবরদখলের চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ মমতাজ বেগম গংরা। এ সময় বাধা দিতে গেলে হামলায় আহত হন ফরহাদ হোসেন। গত ৯ আগস্ট বিকেলে এ ঘটনা ঘটে। পরে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বড় মালিঝিকান্দা মৌজার সাবেক খতিয়ান নং-৬৩৬, সাবেক দাগ নং-৯০৯ ও ৯১১ সহ আরওআর এবং বিআরএস রেকর্ডভুক্ত প্রায় ৩৭ শতক জমি দীর্ঘ ৫০ বছর ধরে ভোগদখল করে আসছিলেন ফরহাদ হোসেন। কিন্তু প্রতিপক্ষ মমতাজ বেগম, বিলকিছ বেগম,তাজমিনা আক্তার, তানিয়া আক্তার, আবুল হোসেনসহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই জমিতে প্রবেশ করে। তারা ভয়ভীতি প্রদর্শন, ক্ষেতের ফসল নষ্ট করে জমি দখলের চেষ্টা চালায়। বাধা দিলে ফরহাদকে মারধর করে আহত করে। এজাহারে বলা হয়েছে, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে সরকারি নির্দেশ অমান্য করে হামলা চালিয়েছে এবং স্থায়ীভাবে জমি দখলের চেষ্টা করছে।
বাদী ফরহাদ হোসেন জানান, ওই জমির আরওআর ও বিআরএস রেকর্ড আমার দাদার নামে। আমার বাবা ভোগদখল করেছেন, বর্তমানে আমি করছি। কিন্তু প্রতিপক্ষ ১৯৭৮ সালের একটি বেনামি দলিল দেখিয়ে জবরদখলের চেষ্টা করছে। এ বিষয়ে বিবাদী পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তা এসআই রবিউল ইসলাম বলেন,বিবাদীদের দাবি সঠিক নয়। তর্কিত জমির মালিক হতে হলে তাদের আদালতের মাধ্যমে রেকর্ড পরিবর্তন করতে হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।



















