লালপুরে ট্রাক–ইজিবাইক সংঘর্ষে সেনা সার্জেন্টের মৃত্যু
- আপডেট সময় : ০৪:১৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ৪৬০ বার পড়া হয়েছে

লালপুরে ট্রাক–ইজিবাইক সংঘর্ষে সেনা সার্জেন্টের মৃত্যু
জয়বাংলার মোড়ে সংঘর্ষে ঘটনাস্থল থেকে উদ্ধার করেও বাঁচানো গেল না ছুটিতে থাকা মামুনুর রশিদকে
নাটোরের লালপুরে ড্রাম ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মামুনুর রশিদ (২৮) নামে সেনাবাহিনীর এক সার্জেন্ট নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বনপাড়া–লালপুর মহাসড়কের জয়বাংলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুনুর রশিদ লালপুর উপজেলার বড় ময়না (পূর্বপাড়া) গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি ছুটি নিয়ে বাড়িতে ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বনপাড়া দিক থেকে লালপুরমুখী একটি ড্রাম ট্রাক জয়বাংলার মোড়ে বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে সজোরে ধাক্কা দিলে ইজিবাইকটি উল্টে যায়। এতে ইজিবাইকের যাত্রী সেনা সার্জেন্ট মামুনুর রশিদ গুরুতর আহত হন। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিমও সেখানে কাজ করছে।”




















