আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা
- আপডেট সময় : ০৩:১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে

আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা
তিলকপুর রেলক্রসিং এলাকায় হামলা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু; একজন গ্রেপ্তার
জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মাছুম হোসেন (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তিলকপুর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাছুম হোসেন পার্শ্ববর্তী নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মিলন হোসেনের একমাত্র ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ গোলাম মোস্তফা ও তার ছেলে শিবলুর সঙ্গে মাছুমের পরিবারের বিরোধ চলছিল। এ নিয়ে আগে থেকেই হুমকি-ধমকির অভিযোগও রয়েছে।
মঙ্গলবার রাতে মাছুম কয়েকজন বন্ধুর সঙ্গে তিলকপুর রেলস্টেশন এলাকায় অবস্থান করছিলেন। পরে এক বন্ধুকে বাড়িতে পৌঁছে দিয়ে মোটরসাইকেলে ফেরার পথে আক্কেলপুর-তিলকপুর সড়কের রেলক্রসিং এলাকায় পৌঁছালে শিবলুর নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল তার পথরোধ করে। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে হামলাকারীরা মাছুমকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পরিবারের অভিযোগ অনুযায়ী, জমিজমা বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের বিরুদ্ধে অতীতেও সহিংস ঘটনার অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০১৯ সালে মাছুমের দাদা ফজলুর রহমান হত্যার ঘটনা এবং ৫ আগস্টের পর আরেকটি হত্যার অভিযোগও উল্লেখ করা হয়।
নিহতের মা রুমি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “জমিজমা নিয়ে আমার একমাত্র ছেলেকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। আমি কোনো জমি চাই না, শুধু আমার সন্তানকে হারানোর বিচার চাই।”
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাতেই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত শিবলুর বাবা গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল আক্কেলপুর থানার হলেও নিহতের মরদেহ বর্তমানে নওগাঁ জেনারেল হাসপাতালে রাখা আছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


















