বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক
- আপডেট সময় : ০৮:২৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ২৯১ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক
বাগাতিপাড়ার জামনগরে দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্পে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা গ্রহণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় ছুটি কাটাতে এসে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবায় অংশ নিয়েছেন একই পরিবারের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক।
উপজেলার জামনগরে সামাজিক সংগঠন “বাঁধনে জামনগর”-এর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্পে তারা চিকিৎসাসেবা প্রদান করেন। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৯টায় জামনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে নারী, শিশু ও বয়স্কসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই শতাধিক মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
স্বাস্থ্যসেবা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন একই পরিবারের তিনজন চিকিৎসক— ডা. মো. আতিকুল ইসলাম (নবজাতক ও শিশু বিশেষজ্ঞ), ডা. মো. আশিকুল ইসলাম (বাত-ব্যথা ও রিহ্যাবিলিটেশন মেডিসিন বিশেষজ্ঞ) এবং ডা. আলেয়া ফেরদৌস মুন্নী (ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ)। তারা সবাই বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের কৃতি সন্তান। এছাড়াও চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মো. মিজানুর রহমান।
চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন। আয়োজকরা জানান, ক্যাম্পে বিনামূল্যে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তচাপ নির্ণয়ের ব্যবস্থাও ছিল। পাশাপাশি নবজাতক ও শিশু রোগ, বাত-ব্যথা, আর্থাইটিস এবং সাধারণ মেডিসিন বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “বাঁধনে জামনগর”-এর সভাপতি মো. মুকিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম রাব্বানী, ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম এবং শ্রী বাচ্চু কুমার দাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
ক্যাম্প শেষে অংশগ্রহণকারী চিকিৎসকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় “বাঁধনে জামনগর”-এর সভাপতি মো. মুকিম উদ্দিন বলেন, “ভবিষ্যতেও এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”


















