রাণীনগরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়
- আপডেট সময় : ০২:৫৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ২৬৫ বার পড়া হয়েছে

রাণীনগরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়
আইনশৃঙ্খলা ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা
নওগাঁর রাণীনগর উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন রাণীনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাণীনগর থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর তিনি রাণীনগর থানায় যোগদান করেন।
মতবিনিময় সভায় নবাগত ওসি মো. আব্দুল লতিফ বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা তথ্যের ভান্ডার। সাংবাদিকদের দেওয়া সঠিক তথ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি আরও বলেন, “গুজব ও অপপ্রচার প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
রাণীনগর উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সঠিক ও সময়োপযোগী তথ্য সরবরাহে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি প্রশাসন ও গণমাধ্যমের যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. আব্দুল আজিজ, রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলু পালসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন চৌধুরী মুরাদ হোসেন, হারুনুর রশিদ, আওরঙ্গজেব হোসেন রাব্বী, সুকুমল কুমার প্রামানিক, সাহাজুল ইসলাম, রাজেকুল ইসলাম, সাইফুল ইসলাম, শাহারুখ হোসেন আহাদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।



















