রাজশাহীতে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
- আপডেট সময় : ১২:৫৫:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ২৭৭ বার পড়া হয়েছে

রাজশাহীতে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
বাগমারায় পরিত্যক্ত অবস্থায় ৫৬টি অস্ত্র উদ্ধার; নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা
রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে বিভিন্ন ধরনের মোট ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৫, রাজশাহী সিপিএসসি’র একটি দল বাগমারা উপজেলার বইকুড়ি সরদারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নাশকতা বা এলাকায় আধিপত্য বিস্তারের আশঙ্কায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১৬টি ছুরি, ৪টি চাপাতি, ৪টি হাসুয়া এবং কুঠার সদৃশ ৩২টি টাঙ্গি। উদ্ধার করা অস্ত্রগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের ধারণা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বাধাগ্রস্ত করা কিংবা এলাকায় প্রভাব বিস্তারের উদ্দেশ্যে এসব অস্ত্র মজুদ করে রাখা হতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-৫ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।




















