বাগাতিপাড়ায় এসএসসি ২০০৩-০৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় এসএসসি ২০০৩-০৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৩ ও ২০০৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মে) সকালে বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেন দুই ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন ২০০৪ ব্যাচের শিক্ষার্থী খাইরুল ইসলাম রাজু। সহযোগিতায় ছিলেন হাবিবুর রহমান ও গোলাম সারোয়ার জামান।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে প্রবীণ শিক্ষক মো. আবু বক্কর সিদ্দিক ও রফিকুল ইসলাম সরকার (রফিক) স্যারের হাত দিয়ে বৃক্ষরোপণের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়। পরে কোরআন তেলাওয়াত, আলোচনা সভা ও স্মৃতিচারণ পর্ব অনুষ্ঠিত হয়। এসময় দুই শিক্ষক প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে স্মারক ক্রেস্ট বিতরণ করেন।
আলোচনা সভায় প্রবীণ শিক্ষক রফিকুল ইসলাম সরকার বলেন, “পুরোনো বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে পুনর্মিলন বাঙালি সংস্কৃতির একটি চিরন্তন ঐতিহ্য। আজকের এই আয়োজন শুধু আনন্দের নয়, এটি আগামী দিনের জন্যও একটি স্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”
প্রথম পর্ব শেষে আযানের মাধ্যমে নামাজের বিরতি দেওয়া হয়। পরে দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারীরা একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। খাওয়া-দাওয়া শেষে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রাক্তন শিক্ষার্থীরা গান, আড্ডা ও বিভিন্ন পরিবেশনায় অংশ নিয়ে আনন্দঘন সময় উপভোগ করেন।
অনুষ্ঠানস্থলের বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে লেখা ছিল— “সময় বদলেছে, জীবন বদলেছে, কিন্তু বন্ধুত্ব আজও আগের মতোই রয়ে গেছে” এবং “যেখানে শুরু হয়েছিল স্বপ্নের পথচলা, আজ আবারও ফিরে এসেছি সেই স্কুলে।” আবেগঘন এসব বাক্য প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিময় মুহূর্তগুলোকে আরও প্রাণবন্ত করে তোলে।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান, ফটোসেশন, গ্রুপ ছবি ও সেলফি কর্নারে অংশ নিয়ে স্মৃতিবিজড়িত মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন উপস্থিত সবাই।



















