মোহনপুরে স্কুল সভাপতির অপসারণ দাবিতে মানববন্ধন ও পুস্তিকা দাহ
- আপডেট সময় : ০৩:৩১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ২৫২ বার পড়া হয়েছে

মোহনপুরে স্কুল সভাপতির অপসারণ দাবিতে মানববন্ধন ও পুস্তিকা দাহ
রাজশাহীর মোহনপুর উপজেলার মতিহার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুলতানা পারভিনকে মোবাইল ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ ও নিয়োগ ব্যাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম তুলে ধরে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হযরত অালীকে অপসারণ করে নতুন কমিটির দাবিতে মানববন্ধন শেষে পুস্তিকা দাহ করা হয়েছে। হযরত আলী জাহাবাদ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দায়িত্বে রয়েছেন।
বুধবার (২৬ জুন) বিকেলে স্মার্ট মতিহার গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে মতিহার উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীরাসহ অত্র এলাকার সাধারণ জনগণ ব্যানারসহ হাতে ফেস্টুন নিয়ে এক সপ্তাহের মধ্যে সভাপতি হযরত অালীর অপসারণের আল্টিমেটাম দিয়ে মানববন্ধন করেছেন। মানববন্ধন শেষে পুস্তিকা দাহ করা হয়।
মতিহার গ্রামের সমাজসেবক আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মতিহার উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ইয়ানুছ আলী, প্রভাষক সাইদুর রহমান, রাজশাহী মহানগর জাসদ ছাত্রলীগ শাখার সমন্বয়ক সোহেল সরকার, ছাত্র অভিভাব মতিউর রহমান সরকার, আওরঙ্গজেব ভুট্ট, তৌরিকুল ইসলাম, ভুক্তভোগী শিক্ষিকা সুলতানা পারভিন। এছাড়াও মানববন্ধনের উপস্থিত ছিলেন, মতিহার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরদার আলাউদ্দিন, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, আব্দুল্লাহেল কাফী,ইয়াকুব আলী, হেলাল উদ্দিন প্রমুখ। শিক্ষিকা সুলতানা পারভিনকে গালিগালাজ করায় মানববন্ধনে উপস্থিত শিক্ষক, কর্মচারী,শিক্ষার্থীরাসহ এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সভাপতির অপসারণ দাবি করেছেন।
মতিহার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হযরত অালী বলেন, আমার বিরুদ্ধে যেসকল অভিযোগ তুলে মানববন্ধন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।



















