মান্দায় সাত বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ
- আপডেট সময় : ০৮:৫৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৮২ বার পড়া হয়েছে

মান্দায় সাত বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ
ভাড়াটিয়া লোক এনে আধাপাকা বোরো ধান কাটার অভিযোগ; পাল্টা দাবি প্রতিপক্ষের
নওগাঁর মান্দায় ভোগদখলীয় সাত বিঘা জমির আধাপাকা বোরো ধান জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার মান্দারবিল এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন মান্দা সদর ইউনিয়নের বাদলঘাটা গ্রামের আশরাফুল ইসলাম, কামরুজ্জামান ও আব্দুর রাজ্জাক। অভিযুক্ত হিসেবে একই গ্রামের আলাউদ্দিন সরদার, রায়হান আলী সরদার, আলাউদ্দিন প্রামাণিকসহ তাদের সহযোগীদের নাম উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তারা প্রায় ৪৫ বছর ধরে কবলাসূত্রে প্রাপ্ত সাত বিঘা জমি ভোগদখল করে আসছেন। চলতি মৌসুমে ওই জমিতে বোরো ধান চাষ করা হয় এবং ধান পাকতে শুরু করলেও কাটতে আরও এক সপ্তাহ সময় লাগত। এমন অবস্থায় বৃহস্পতিবার সকালে নিয়ামতপুর ও বাগমারা উপজেলা থেকে ভাড়াটিয়া শ্রমিক এনে অভিযুক্তরা জোরপূর্বক ধান কেটে নিয়ে যান।
ভুক্তভোগী কামরুজ্জামান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করছি। এর আগেও প্রতিপক্ষ আদালতের মাধ্যমে দখল নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এবার হঠাৎ করে লোক এনে আমাদের ধান কেটে নিয়ে গেছে।”
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আলাউদ্দিন সরদার দাবি করেন, জমিটি এতদিন প্রতিপক্ষ অবৈধভাবে দখলে রেখেছিল। তিনি বলেন, “এ বছর আমরা আমাদের বেদখল হওয়া সম্পত্তির দখল নিয়েছি।”
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, বিষয়টি তার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















