প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট: পঞ্চগড়ে যুবক আটক
- আপডেট সময় : ০৮:২০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট: পঞ্চগড়ে যুবক আটক
সাইবার সুরক্ষা আইনে মামলা, ভাইরাল পোস্ট মুছে ফেলার আগেই পুলিশের অভিযান
পঞ্চগড়ের দেবীগঞ্জে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নিশাদ ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক নিশাদ ইসলাম সদর ইউনিয়নের হাজীপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে। এ ঘটনায় শনিবার (২৫ এপ্রিল) সকালে দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিশাদ ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করেন। তিনি প্রতিমন্ত্রীর জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার একটি ফটোকার্ড পোস্ট করে তাতে আপত্তিকর মন্তব্য যুক্ত করেন, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পোস্টটি ভাইরাল হলে তিনি তা মুছে ফেলেন বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ শুক্রবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে।
দেবীগঞ্জ পৌর যুবদলের সভাপতি শাহিনুর রহমান গুড্ডু বলেন, সামাজিক মাধ্যমে এ ধরনের অপপ্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং জনপ্রতিনিধিদের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।
পুলিশ জানিয়েছে, আটক যুবকের একাধিক ফেসবুক আইডি থাকার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।



















